ইরানে ফের বড় হামলার পরিকল্পনায় ইসরাইল, সমর্থন খুঁজছেন নেতানিয়াহু
- আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 8
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইতিমধ্যে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন সামরিক অভিযান চালানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, বেশ কয়েকটি সাম্প্রতিক বৈঠকে নেতানিয়াহু ইরানে নতুন অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা ইতিমধ্যে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে একমত হয়েছেন এবং সেগুলো অনুমোদনও করেছেন। এখন মূলত অভিযান শুরুর সময়ের অপেক্ষায় রয়েছে ইসরাইল। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। এই সংঘাতের বিস্তার নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, নিজের টলমলে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই তিনি যুদ্ধ বাড়াতে চাইছেন। যদিও নেতানিয়াহু এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।
এদিকে নতুন অভিযানের জন্য নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। তিনি এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করবেন না এবং বছরের শুরুর দিকের পরিস্থিতির ওপর নজর রাখবেন। রয়টার্সের সাথে আরেক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং বর্তমান সময়ে তাদের হাতে যথেষ্ট সময় আছে। বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। একই সাথে ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়নও খতিয়ে দেখছেন মার্কিন কর্তৃপক্ষ। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার অংশবিশেষ পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচিতেও অগ্রগতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাম্প পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে হামলার পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আঘাত না করে ইরানে কীভাবে হামলা চালানো সম্ভব, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এরপর থেকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চাপ সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে তার নীতির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে আসছেন। তবে ইরানকে নিয়ে ট্রাম্পের অবস্থানে গত কয়েক মাসে একাধিকবার অসংলগ্নতা দেখা গেছে; কখনো তিনি অভিযানের হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাত অবসানের কথা বলেছেন।
ইরান নিয়ে এই উত্তেজনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। সম্প্রতি মার্কিন সিনেটে একটি প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়ে গেছে। ওই প্রস্তাবে বলা হয়েছিল, সামরিক অভিযান বন্ধ করতে অথবা যেকোনো অভিযানের আগে কংগ্রেসের অনুমোদন নিতে ট্রাম্পকে বাধ্য করা হোক। এই ভোটদানের ফলে ওয়াশিংটনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ইসরাইলের সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
























