সংলাপে এনসিপির কোনো শর্ত ছিল না: মাহদী আমিন
- আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃত্বের বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এই আলোচনার মূল ভিত্তি ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা, যা জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিফিংয়ে মাহদী আমিন স্পষ্ট করেন যে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংলাপের সময় কোনো ধরণের শর্ত জুড়ে দেওয়া হয়নি। বরং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে। এর আগে বৈঠক শেষে ব্রিফিং করেছে এনসিপি।
মুখপাত্র জানান, সরকার গঠনের পর থেকেই বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি—এই ক্ষেত্রগুলোতে সব রাজনৈতিক দলের ঐকমত্য জরুরি। তিনি আরও বলেন, দেশের স্বার্থে নির্বাচনী ইশতেহার ও ‘জাতীয় জুলাই সনদে’ বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা শতভাগ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই প্রায় শতাধিক অর্ডিনেন্স আইনে পরিণত করে আইনি প্রক্রিয়ায় গতি আনা হয়েছে।
বৈঠকের বিষয়ে এনসিপির প্রতিনিধি দলের পক্ষ থেকে কথা বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি আরও অভিযোগ করেন, গত সাত-আট মাসে বিচার ব্যবস্থায় আপসকামিতা ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অস্পষ্টতা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করেছে। কোনো ঐক্যের প্রশ্নে জুলাইয়ের চেতনা, সংস্কার ও জাতীয় সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংলাপে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।
মাহদী আমিন আশ্বস্ত করেছেন যে, বিদেশে পলাতক স্বৈরাচারের কোনো অপশক্তি যেন দেশে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সেজন্য ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি একযোগে কাজ করছে। প্রধানমন্ত্রী বৈঠকে সরকারের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বারবার উল্লেখ করেন যে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতার পূর্ণতা লাভের লড়াই। দুই পক্ষের এই সংলাপে পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে এবং কোনো শর্ত ছাড়াই দেশের বৃহত্তর স্বার্থে সহযোগিতার বার্তা স্পষ্ট হয়েছে। তিনি আরো যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ই দল-মত নির্বিশেষে মানুষের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এখন সেই ঐক্যকে আরো সুসংহত করার কাজ চলছে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন মাহদী আমীন।























