মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ৩: মিথিলার জায়গায় প্রভা
- আপডেট সময় : ১০:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ আবারো পর্দায় ফিরছে। তবে সিরিজটির তৃতীয় সিজনে একটি বড় পরিবর্তনের খবর পাওয়া গেছে। আগের সিজনগুলোতে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াথ রশিদ মিথিলার জায়গায় এবার যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। চরকির একটি সূত্র প্রভার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে মিথিলা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। কাজের ব্যস্ততার কারণে দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলেই এবারের সিজনে তিনি থাকছেন না।
সিরিজটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। আগের দুই পর্বের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। শিহাব শাহীন পরিচালিত নতুন সিজনে প্রভা ও নাসির উদ্দিন খানের সঙ্গে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। শুটিংয়ের বিষয়ে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে প্রভা ক্যামেরার সামনে দাঁড়াবেন এবং ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ পুরো চিত্রগ্রহণের কাজ শেষ হবে। আগামী ঈদুল ফিতরে সিরিজটি চরকিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
প্রভার অভিনয়ের প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর এখনই নিশ্চিত করা সম্ভব নয়। আনুষ্ঠানিক তথ্য প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকেই জানানো হবে। তবে বিনোদন সংশ্লিষ্টরা মনে করছেন, গত দুই সিজনে মিথিলার অভিনয়ে শায়লা চরিত্রটি যে পরিচিতি পেয়েছে, তা নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা প্রভার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে অ্যালেন স্বপন চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এরপর গত বছর সিরিজের দ্বিতীয় সিজন আসে। এবার তৃতীয় অধ্যায় নির্মাণের মধ্য দিয়ে সিরিজটি আরও এগিয়ে নিতে চান নির্মাতারা।

























