যুক্তরাষ্ট্র-ইকুয়েডরে পৃথক দুর্ঘটনায় নিহত ১৫
- আপডেট সময় : ১০:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / 272
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপি ও ইকুয়েডরে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫জনের নিহতের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের মিসিসিপর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভাড়া করা বাসকে ধাক্কা দিলে অন্তত চারজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, ‘বর্তমানে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ভাড়া করা বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।
দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে একজন মারা যায়।
পত্রিকাটি আরো জানায়, বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে।
অপরদিকে ইকুইডোরের রাজধানীর বাইরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ১১ জন নিহত ও অন্তত আরো ২৫ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
জরুরি বিভাগের কার্যালয় থেকে টুইটারে বলা হয়েছে, ‘গুয়াইলামাম্বায় এই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।’
টুইটার বার্তায় আরো বলা হয়, ‘এই ঘটনায় আহত অবস্থায় ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।’
জানুয়ারি মাসে ইকুয়েডোরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলবাসের সঙ্গে দূরপাল্লার বাসের সংঘর্ষে অন্তত ২০ জনের প্রাণহানি ও ১৭ জন আহত হয়।























