অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: প্রতিমন্ত্রী আব্দুল বারী
- আপডেট সময় : ০৫:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 7
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব পরিস্থিতির মোকাবিলা করছে। শুক্রবার দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, দেশে কোনো অপশক্তি বা অতীতে পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করলেও তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
এর আগে তিনি জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষক সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে তিনি জানান, সারাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব এবং বর্তমান সরকার কোনো প্রকার জুলুম-নির্যাতনে বিশ্বাসী নয়।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তির কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের পথ বেছে নিয়ে দেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতেও তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। পাশাপাশি অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে প্রতিমন্ত্রী জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যার সুবাদে উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আব্দুল বারী বলেন, একটি সৎ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন করা হচ্ছে। জনগণের দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে। এছাড়া ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের ভাতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কাজ চলছে। সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ অনেকে।
























