আটলান্টায় উত্তর আমেরিকা বিএনপির মেগা সম্মেলনের জমকালো উদ্বোধন ও প্রথম দিনের কর্মশালা সম্পন্ন
- আপডেট সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 1
নিজস্ব প্রতিবেদক | আটলান্টা, জর্জিয়া
উৎসবমুখর পরিবেশ ও ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘উত্তর আমেরিকা বিএনপি কর্মশালা ও সম্মেলন-২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) আটলান্টার নরক্রসে অবস্থিত গ্লোবাল মলের ইমপ্যাক্ট হলে জর্জিয়া বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এই বিশাল আয়োজনের জমকালো উদ্বোধন ও প্রথম পর্বের কর্মশালা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।
সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে রিবন (ফিতা) কেটে প্রথম দিনের কার্যক্রমের সূচনা করেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনসহ উপস্থিত অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির সদ্য ঐক্যবদ্ধ হওয়া দুই পক্ষের শীর্ষ নেতৃবৃন্দ একমঞ্চে উপস্থিত থেকে নিজেদের সংহতি প্রকাশ করেন। উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল ইসলাম সাহেল , সাধারণ সম্পাদক মামুন শরীফ, বিএনপি নেতা শাহনেওয়াজ হোসেন, এস এম রেজাউল হক, সোহেল মুন্না-সহ শাখার শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মশালা ও আলোচনা সভা। বেলা সাড়ে ১১টায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের যুগান্তকারী পদ্ধতি ‘পোস্টাল ভোটিং’-এর ওপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় একটি সাবলীল প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন।

দুপুরের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে ‘বিএনপি ডিজিটাল সদস্যপদ’ সংক্রান্ত বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। এরপর বিকেল ৫টা থেকে শুরু হওয়া সাংগঠনিক অধিবেশনে উত্তর আমেরিকা বিএনপির বিভিন্ন কমিটির পরিচিতি এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের মান-অভিমান ভুলে জর্জিয়া বিএনপির স্বাগতিক ভূমিকায় আয়োজিত এই সুশৃঙ্খল সম্মেলন প্রবাসে দলের রাজনীতিতে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। রাত সাড়ে ৯টায় এক জমকালো নৈশভোজের মাধ্যমে প্রথম দিনের সফল সমাপ্তি টানা হয়।
আজ রোববার (২৬ এপ্রিল) সমাপনী অধিবেশন ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী ঐতিহাসিক মেগা সম্মেলনের পর্দা নামবে।



















