ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০১:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 12
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইরানের তেল খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তেল পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার নেওয়া এ পদক্ষেপের আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা চতুর্থ দিনের মতো হামলা চালায় এবং পুনরায় নৌ অবরোধ আরোপ করে। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর পর ওয়াশিংটন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর প্রথম দফায় অবরোধ আরোপ করে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, ‘হরমুজ প্রণালীতে ইরান পুনরায় অস্থিতিশীলতামূলক হামলা শুরু করার পর দেশটির সরকারের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
মন্ত্রণালয় অভিযোগ করেছে, শামখানি নেটওয়ার্ক ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি বৈশ্বিক পণ্য বাণিজ্যেও নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি কর্তৃপক্ষকে আর্থিকভাবে লাভবান করতে সহায়তা করেছে।
অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শামখানির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ২০০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মোহাম্মদ হোসেইন শামখানি ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানির ছেলে। আলী শামখানি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিন এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি উভয়েই
নিহত হন।
বিডিসংবাদ/এএইচএস




















