চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে এক শিশুসহ ৪ জন নিহত।
- আপডেট সময় : ১২:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / 259
চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে এক শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে দুর্গম পাহাড়ী জনপদ ধোপাছড়ি ইউনিয়নে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু ইউছুপ চৌধুরী জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী আসগর আলীর কাঁচা ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ ঘটনায় আজগর আলীর শিশুকন্যা মাহিয়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়।
এ ছাড়া ছনবুনিয়া উপজাতিপাড়ায় একটি ঘরের ওপর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশু কেউচা কেয়াং (১০), মেমাউ কেয়াং (১৩) এবং গৃহবধূ মোকাইং কেয়াং (৫০) নিহত হন।
এ ঘটনায় ওই পরিবারের সানুউ কেয়াং (২১) ও বেলাউ কেয়াং (২৮) নামের আরো দুজন আহত হয়েছেন। তাঁদের বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো.শাখায়াত হোসেন বলেন, ধোপাছড়ি এলাকাতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যুর খবর শুনেছি। কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। ইউনিয়নটি দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় অনেকটা বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক না থাকায়
সেখানে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদস্থ কন্ট্রোলরুম কর্মকর্তারা জানান, চন্দনাইশে পাহাড় ধসের খবর পেয়েছি। পটিয়া স্টেশন থেকে আমাদের একটি ইউনিট যাচ্ছে।

























