প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
- আপডেট সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 4
লালমনিরহাটে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সাম্প্রতিক একটি বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উচ্চারণ করেননি। তা সত্ত্বেও গণমাধ্যমের একাংশ বক্তব্যটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে।
মুখপাত্রের ভাষ্যমতে, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বর্তমানে বিশ্বের বিভিন্ন মহাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো সহিংসতা ও নৃশংসতা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারের ফলে বিভিন্ন দেশে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসীদেরও ক্ষতিগ্রস্ত করছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তা নির্মূলে প্রতিটি দেশের দায়িত্ব রয়েছে বলে মন্ত্রণালয় মনে করে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে।
গত বৃহস্পতিবার লালমনিরহাটের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পুনরায় অগ্নিসংযোগ ও সহিংসতার পথ বেছে নিয়েছে। ২০২৪ সালের মতো এবারও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৬ বছর জোর করে রাষ্ট্র পরিচালনার পর পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী জনসভায় আরও উল্লেখ করেন, গত কয়েক দিনে ওই গোষ্ঠী যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। দেশ ছেড়ে পালিয়েও তারা মানুষ হত্যা ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা দূর থেকে কলকাঠি নেড়ে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।























