ঢাকাসহ দেশের চারটি স্থানে বৃষ্টির সম্ভাবনা
- আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 180
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানী ঢাকাসহ খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া উপজেলায় ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একই উপজেলায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলার চাঁদপুর উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৪ মিনিটে।
বিডিসংবাদ/এএইচএস




















