মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
- আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 0
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৫ জন ছররা গুলিতে আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন দিদার ঢালী (৫৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) এবং ইমরান হোসেন (৪৮)। এদের মধ্যে ৫জনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই রেষারেষির কারণে ইউনিয়নটির নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নতুন আমঘাটা, আমঘাটা ও চৈতারচর গ্রামে প্রায়ই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে থাকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিন জানান, মোল্লাকান্দিতে বিবদমান দুই পক্ষের আধিপত্য নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন ওসি তছলিম উদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্বিঘ্নে সটকে পড়ে।























