নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
- আপডেট সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে বেনিন থেকে লাগোসের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানটি বেনিন থেকে দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে যাচ্ছিল।
নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। রেডিওর মাধ্যমে বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে ইগবোকোডার একটি নৌঘাঁটির নিকটবর্তী দুর্গম জলাভূমি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধার কাজ সহজতর করতে নৌযান ব্যবহার করতে হয়েছে, যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে।
বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ভূপৃষ্ঠের কাছাকাছি আসার সময় বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
দেশটিতে এই ট্র্যাজেডির পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

























