নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- আপডেট সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 1
ডিসেম্বর মাসকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মূল দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মাঠে নামার কড়া নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে তিনি সংগঠনের বর্তমান অবস্থা ও আগামীর পরিকল্পনা নিয়ে নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম। এছাড়াও বৈঠকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা অংশগ্রহণ করেন।
বৈঠকের বিষয়ে অবহিত একাধিক সূত্র জানিয়েছে, বিজয়ের মাসের কর্মসূচি সামনে থাকলেও আলোচনায় প্রাধান্য পেয়েছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক গতিবিধি। সরকার প্রধান স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো দলের কর্মসূচির বিপরীতে বিএনপি কোনো ধরনের পাল্টা কর্মসূচি পালন করতে চায় না।
তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জনমুখী নানা শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে রয়েছে সুশৃঙ্খল শোভাযাত্রা, সভা-সমাবেশ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড। এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা এবং সাধারণ মানুষের কাছে দলের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
























