প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / 440
রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেয়েছেন।
বুধবার বেলা ১১টায় রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউজিসির ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে রাবির ৮ জন ও অধিভুক্ত মেডিকেল কলেজের ১ জনসহ মোট ৯ জন এবং রুয়েটের ৩ শিক্ষার্থীর নাম রয়েছে।
স্বর্ণপদক পুরস্কার অনুষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসিতে) দেখানো হয়। এ সময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসিবুল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঐ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৭ প্রদান করা হয়।

























