বাহরাইনে মার্কিন রাডার ঘাঁটিতে ইরানের হামলা, দায় স্বীকার আইআরজিসির
- আপডেট সময় : ১১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার কঠোর জবাব দিয়েছে ইরান। আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় পাল্টা হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই সামরিক অভিযানের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং তেল চোরাচালান বন্ধ করা। আগ্রাসী পক্ষকে সতর্ক করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা জানিয়েছে, যদি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের কর্মকাণ্ড চলমান থাকে, তবে ভবিষ্যতে আরও বড় এবং কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের মহাকাশ বাহিনীর। এর আগে ইরানের হরমোজগান প্রদেশের সিরিক বন্দরনগরীতে বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তখন সরকারি সংস্থা ইরনা জানিয়েছিল, অজ্ঞাত কোনো শত্রু সিরিকে হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে সংযোগকারী পথ হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল পরিবহনের রুট হওয়ায় এই অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনার আঁচ পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
























