বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের
- আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে আগ্রহী নয়। তিনি অবিলম্বে একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমেই চলমান সংকটের সমাধান করতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি এবং গণভোট সম্পন্ন হওয়ার পরও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে, যা প্রমাণ করে যে তারা বিষয়টি অস্বীকার করতে চায়।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ প্রণয়নের সময় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিএনপি এতে স্বাক্ষরও করেছে। কিন্তু এখন সরকার উল্টো পথে হাঁটছে। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে, আইনগত বাধ্যবাধকতা না থাকলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে না। সেই আশঙ্কাই এখন সত্য প্রমাণিত হয়েছে।’
এসময় তিনি সরকারের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি না থাকা সত্ত্বেও সেটি কেন গঠন করা হলো না। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে বিএনপির কোনো দ্বিমত ছিল না, তবুও কেন তা বাদ দেওয়া হলো। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব আনুপাতিক হারে বিরোধী দলকে দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ প্রণয়ন, স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট পাস হওয়া সত্ত্বেও সরকার পেছনের দিকে ফিরে যাওয়ার অজুহাত খুঁজছে। মূলত সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।

























