রাবিতে ঘাদানিকের সম্মেলন ১২ এপ্রিল
- আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
- / 187
রাবি প্রতিনিধি:
আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন ঘাদানিকের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ শহীদ জয়া শ্যমলী নাসরিন চৌধুরী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় ঘাদানিকের সাধারণ সম্পাদক সুবাস ইমতিয়াজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঘাদানিকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অভিনয় শিল্পী শমী কায়সার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহ্ আজম শান্তনু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ঘাদানিকের সভাপতি মতিউর রহমান মর্তুজা, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল সরকার রুবেল, শিহাব জুহুরি, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন রাজশাহী মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর তত্ত্বাবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে প্রথম কমিটি গঠন করা হয়। সর্বশেষ ২০১৫ সালের ১২ ডিসেম্বর মতিউর রহমান মর্তুজাকে সভাপতি ও সুবাস ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।


























