সহিংসতা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 8
চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আর ছাড় দেওয়া হবে না, এখন থেকে কঠোরভাবে দমন করা হবে। মানুষ হত্যার এই রাজনীতির উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক দল ১৬ বছর ধরে জোর করে দেশ শাসন করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে তারা পালিয়ে গিয়ে এখন প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস চালাচ্ছে। তিনি আরও বলেন, পলাতক ওই শক্তির দেশের মানুষের প্রতি কোনো মমত্ববোধ নেই, বরং তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়।
প্রধানমন্ত্রী ২৪-এর আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতে অবস্থানরত ওই চক্রটি ১৪০০ মানুষ হত্যার দায় মাথায় নিয়ে পুনরায় ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া গুম ও স্বৈরাচারী রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন আর খুন, হত্যা ও ভোট ডাকাতদের দেখতে চায় না; তারা কেবল নিরাপত্তা ও শান্তিতে থাকতে চায়। বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’।
























