স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:২৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 4
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১ ২০২৬’-এর চূড়ান্ত সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে হেলিকপ্টারযোগে দ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের এই বিশেষ মহড়া প্রত্যক্ষ করবেন।
এবারের বিশেষ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
প্রধানমন্ত্রী মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এছাড়া তিনি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মহড়া শেষে বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত স্বর্ণদ্বীপে ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। গত এক যুগের বেশি সময়ে এখানে বাহিনীর নিয়মিত মহড়া অনুষ্ঠিত হলেও, এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এ ধরনের বিশেষ যৌথ মহড়া আয়োজিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই মহড়াটি বিশেষ গুরুত্ব বহন করছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।






















