রাজবাড়ীতে পাচারের শিকার কিশোরী উদ্ধার, আটক ১
- আপডেট সময় : ০১:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 3
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামের এক বাড়িওয়ালীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মন্ডলের মেয়ে। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কিশোরীটি যৌনপল্লী থেকে পালিয়ে আসার চেষ্টা করলে কোহিনূর ও তার সহযোগীরা তাকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ধাওয়া করে। একপর্যায়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে দেলোয়ারের দোকানে আশ্রয় নিয়ে সে কান্নাকাটি করতে থাকে এবং উপস্থিত লোকজনকে বিস্তারিত জানায়। পরে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে সে দোকানটিতে আশ্রয় নেয়।
উদ্ধার হওয়া কিশোরী পুলিশকে জানিয়েছে, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক নারী তাকে পার্লারে ভালো কাজের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে। এরপর তাকে কোহিনূরের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত থাকতে বাধ্য করা হচ্ছিল। এতদিন কোনোভাবে সুযোগ না পেলেও সোমবার রাতের অন্ধকারে সে পালিয়ে আসতে সক্ষম হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন। নারী ও শিশু পাচার দমন আইনে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার কোহিনূরকে জিজ্ঞাসাবাদ শেষে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

























