ইংলাকের বিরুদ্ধে মামলার রায় পেছাল
- আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭
- / 240
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলায় করা মামলার রায় পেছানো হয়েছে। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করেন। খবর রয়টার্সের।
আজ ওই মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত জানিয়েছেন, ইংলাক আদালতকে বলেছেন, তিনি কানের সমস্যায় ভুগছেন। তাই আদালতে উপস্থিত হতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত রায়ের নতুন দিন ধার্য করে বলেছেন, মামলার রায় শুনতে ব্যর্থ হলে আদালত ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ওই মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু ইংলাক এদিন আদালতে উপস্থিত হননি। ইংলাকের আইনজীবীরা বলেন, ‘তিনি অসুস্থ, তার কানে সমস্যা হয়েছে।’ যদিও তারা আদালতে এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইংলাকের অসুস্থতার বিষয়টি আমলে নেননি এবং ২৭ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে।
এ মামলায় দোষীসাব্যস্ত হলে কারাদণ্ডের পাশপাশি রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক।
২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।























