কিংবদন্তি সংগীত পরিচালক সত্য সাহার প্রয়াণ দিবস আজ
- আপডেট সময় : ০১:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
- / 305
সময় কতো দ্রুত যায়! দেখতে দেখতে ১৮টি বছর পার হয়ে গেল এদেশের সংগীতের বিস্ময় প্রতিভা, কিংবদন্তি সত্য সাহা প্রয়াণের। ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি আর না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। এবারে পালিত হচ্ছে এই গুণীর ১৮তম মৃত্যুবার্ষিকী।
সত্য সাহার জন্ম ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাটে। সেখানকার প্রভাবশালী জমিদার বংশে জন্মেছিলেন তিনি। ছোট বেলা থেকেই গানের আবহ পেয়েছিলেন পরিবার ও চারপাশে। বাংলায় যে সেই সময়টা তখন সংগীতের সোনালী যুগ।
গানের পাখি সত্য সাহা ১৯৪৬-১৯৪৮ এর মাঝামাঝি সময়ে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১ ও ১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাশ করেন।
১৯৫৫ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ থেকে তার সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। তারপর অসংখ্য কাজ তিনি করেছেন।
সেগুলোর মধ্যে প্রজন্মের পর প্রজন্ম হারিয়েও আবেদন হারায়নি ‘নীল আকাশের নিচে আমি’, ‘চেনা চেনা লাগে তবু অচেনা’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘তুমি কি দেখেছো কভু’, ‘ঐ দূর দূরান্তে’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘মাগো মা ওগো মা’- ইত্যাদি গানগুলো। বরং নতুন প্রজন্মের শিল্পী-সংগীত পরিচালকেরা এই গানগুলো নিয়ে আজও কাজ করছেন, রিমেক করছেন। এখানেই তো সত্য সাহা কালজয়ী। তার গানেরা কোনোদিন তাকে ভুলতে দেবে না। সত্য সাহার আত্মার শান্তি কামনায় তার মৃত্যু দিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।


























