শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আসাম ও পশ্চিমবঙ্গ, ব্যাপক ক্ষতির আশঙ্কা
- আপডেট সময় : ০৪:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / 220
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
করোনা দুর্যোগের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। তবে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আসামে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আসামে ভবনের প্রাচীরসহ স্থাপনা ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পের পর আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। ক্ষতিগ্রস্ত জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আসামের গুহাহাটি থেকে ১৪০ কিলোমিটার বা ৮৬ মাইল উত্তরে ধিকিয়াজুলি শহরের কাছে ছিল। ভূমিকম্পটি সকাল ৭টা ৫১ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ভূমিকম্পে আসামের গুয়াহাটি, ধিকিয়াজুলিসহ বিভিন্ন এলাকা এবং পশ্চিবঙ্গের উত্তর ও দক্ষিণের একাধিক জেলা কেঁপেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভারতের জাতীয় ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ৭টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংসহ বিভিন্ন জেলায়। এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব হয়েছে। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
খুব সকাল বেলায় কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বাড়ির প্রাচীর ভেঙে পড়েছে। রাস্তায় ফাটল ধরেছে অনেক জায়গায়। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া জায়নি।
রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিকম্পের বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী শ্রী সরবানন্দ সনোয়ালের সাথে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় মোদি কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আসামের জনগণের মঙ্গল কামনা করছি।’
এর আগে আসামের মুখ্যমন্ত্রী সনোয়াল টুইট করে বলেছেন, ‘বড় ভূমিকম্প আসামে আঘাত হানে। আমি সবার মঙ্গল কামনা করি। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই। সব জেলা থেকে আপডেট তথ্য গ্রহণ করছি।’
অপর দিকে ভূমিকম্পের কয়েক মিনিট পরে টুইট করা আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমাও একটি ভবনের ভেতরে ভাঙা প্রাচীরের ছবি ও বাড়ির ভাঙা বাউন্ডারি প্রাচীরের ছবি শেয়ার করেছেন, যাতে ভূমিকম্পের প্রভাব দেখানো হয়েছে।
সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
বিডিসংবাদ/এএইচএস




















