‘২০১৯ সালের বিশ্বকাপই পাকিস্তানের মূল লক্ষ্য হওয়া উচিৎ’
- আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
- / 222
২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গঠনের চিন্তাভাবনা করা উচিৎ বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। বিশ্বকাপের পরবর্তী আসর ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ সালের ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই নিয়ে পঞ্চমবারের মত ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর এই টুর্নামেন্ট ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লাহোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইনজামাম বলেন, বিশ্বকাপ আমাদের মাথায় আছে। ২০১৯ সালে যখন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এ সময় দলে কি পরিমাণ খেলোয়াড় থাকবে সেটা এখন থেকেই আমরা বিবেচনা করছি।
যদিও শারজায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টানা ছয়টি টেস্টে পরাজিত হবার পরেও দলে আমূল কোন পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন ইনজামাম। ওয়ানডে ক্রিকেটেও পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম মোটেই আশানুরূপ নয়। বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে তারা আট নম্বরে রয়েছে।
সাবেক এই অধিনায়ক বলেন, ‘অবশ্যই দল যখন ভাল করে না তখন সবাই আশাহত হয়, এর মধ্যে সাবেক খেলোয়াড়রাও রয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় যে রাতারাতি আমরা দল পরিবর্তিত করে দিব। আমাদের মূল লক্ষ্য হলো পরবর্তী বিশ্বকাপ নিয়ে কাজ করা।’
বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক প্রসঙ্গে ইনজামাম বলেন, সিনিয়র খেলোয়াড়দের জন্য পাকিস্তান ক্রিকেটে নিজস্ব একটি স্থান রয়েছে, এনিয়ে কোন সন্দেহ নেই। এখানে মিসবাহ’র অবদান অস্বীকার করার কিছু নেই। সবাইকেই ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে বিদায় নিতে হবে, এটাই স্বাভাবিক। অধিনায়কত্ব বিষয়টি নিয়ে বলতে গেলে একটি কথাই বলবো- এটা আমার এখতিয়ারে নেই। এটা সম্পূর্ণভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বাসস
























