নরসিংদীতে সবজির হাটে ট্রাকচাপায় নিহত ৪, আহত ৫
- আপডেট সময় : ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / 235
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
নরসিংদীতে সবজির হাটে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, স্থানীয় গ্যাস পাম্প থেকে একটি সিএনজি গ্যাস নিয়ে রায়পুরার বারৈচারের দিকে যাচ্ছিল।এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয় এবং সড়কের পাশে ফুটপাতের বাজারে উঠে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুজনসহ মোট চারজন নিহত হয়। এছাড়া আহত হয় আরো পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস


























