চীন সীমান্তে রকেট বাহিনী তৈরি করছে ভারত!
- আপডেট সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / 141
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চীন সীমান্তে রকেট বাহিনী তৈরি করতে চলেছে ভারত। খুব শিগগিরই ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে, যা মোতায়েন করা হতে পারে চীন সীমান্তে। সূত্রের খবর ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ১২০টি ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়ে দিয়েছে। সূত্রের খবর, এই প্রথম পূর্বপরিকল্পিতভাবে ব্যবহারের কথা ভেবে সরকারের তরফে এই পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেয়া হলো।
এক শীর্ষ স্তরের সরকারি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনীতে রকেট বাহিনী তৈরির যে পরিকল্পনা ছিল, সেটি হঠাৎই গতি পেয়েছে। কেন্দ্র ১২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমতি দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে।’
ভারতের এই অনুমোদন দেয়ার পরেই পুরোদমে শুরু হয়েছে প্রলয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। খুব শিগগিরই সেগুলো সেনাবাহিনীর হাতে এসে পৌঁছবে এবং ব্যবহার উপযোগী হবে বলে অনুমান। উল্লেখ্য, সীমান্তে কৌশলগত রকেট বাহিনী তৈরির পরিকল্পনা করেছিলেন ভারতের তিন বাহিনীর পরলোগতক প্রধান জেনারেল বিপিন রাওয়াত। ওই পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপ করল কেন্দ্র।
দিন কয়েক আগেই ভারতীয় নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আর হরি কুমার বলেছিলেন, ‘পরলোকগত জেনারেল রাওয়াত বেশ কিছু দিন ধরেই সীমান্তে রকেট বাহিনী তৈরি করার ব্যাপারে কাজ করছিলেন। গত ডিসেম্বরে দু’টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও করা হয়েছিল।’
কিন্তু তার পর সম্ভবত জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সেই কাজ থমকে যায়। যা আবার নতুন করে চালু হলো ভারত-চীন সীমান্ত সমস্যার মধ্যে।
উল্লেখ্য, প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রগুলো নিজের অভিমুখ বদলাতেও পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডিসংবাদ/এএইচএস


























