হাথুরুসিংহে আসছেন সোমবার, রোমাঞ্চিত হেরাথ
- আপডেট সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / 124
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহে ফের বাংলাদেশে ফিরছেন, তা জানাই ছিলো। তবে কবে আসছেন তিনি, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে উত্তর মিললো, শেষ হলো অপেক্ষার পালা। আগামীকাল বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেবেন এই লঙ্কান কোচ। তাকে স্বাগত জানাতে প্রস্তুত সাকিব-তামিমদের আরেক লঙ্কান কোচ রঙ্গনা হেরাথ। তিনি রোমাঞ্চিতও।
নতুন প্রধান কোচ আসলে প্লেয়ারদের পাশাপাশি অন্য কোচিং স্টাফদেরও নতুন করে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকে। তবে হাথুরুসিংহে আসায় সেদিক থেকে অনেকটাই নির্ভার বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দুজনের সম্পর্কই বেশ ভালো। একসময় তারা ছিলেন খেলোয়াড়ী জীবনের সতীর্থ, তবে এবার উভয়ে বনে যাচ্ছেন কোচিং-সতীর্থ। মাঝে অবশ্য হাথুরুসিংহের অধীনেও খেলেছেন হেরাথ।
ফলে প্রায় অর্ধযুগ পর বাংলাদেশ ক্রিকেটে ফেরা হাথুরুসিংহেকে বেশ ভালোভাবেই চেনা হেরাথের। আবার হেরাথ দীর্ঘদিন যাবত যুক্ত আছেন বাংলাদেশ ক্রিকেটের সাথেও। ফলে উভয় দিক বিবেচনায় বাংলাদেশ ও হাথুরুসিংহে জুটির সফলতাই দেখছেন হেরাথ। দাবি করলেন এই জুটিতে উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট।
মিরপুরে স্পিনারদের নিয়ে দুদিন যাবত একটি ক্যাম্প করছেন হেরাথ। আজ তারই ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হেরাথ বলেন, ‘সে আগেও বাংলাদেশে কাজ করেছে ও বেশ ভালো করেছে। তার সাথে খেলার অভিজ্ঞতা আছে আমার। পরে তার কোচিংয়েও খেলেছি আমি। এদিক থেকে তার ব্যাপারে আমার মূল্যায়ন ইতিবাচক। তার ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত, তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে হাথুরুসিংহে বাংলাদেশে পা রাখবেন সোমবার রাতে। সিরিজেরও খুব বেশি দেরি নেই, আগামী ১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগেই শিষ্যদের পরখ করতে ও তাদের মিশে যেতে খুব কম সময়ই হাতে আছে হাথুরাসিংহের। তাই পরিকল্পনা সাজিয়ে ফেলার কাজটা আসার আগেই এগিয়ে রাখছেন হাথুরুসিংহে।
অন্তত হেরাথের কথাতে তারই যেন আভাস মিললো। সংবাদ সম্মেলনে কথা বলার সময় দল নিয়ে হাথুরুসিংহের সাথে সার্বিক পরিকল্পনা হয়েছে জানিয়ে হেরাথ বলেন, ‘আসলে কোনো সিলেকশন নয়, পরিকল্পনা সাজানো নিয়ে তার সাথে কথা হয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস


























