এসএসসি পরীক্ষা শুরু
- আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / 297
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেয়া হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ছাত্রীই ৩৮ হাজার ৬০৯ জন।
এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। করোনার কারণে এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব কেউ ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর ২৪ মে থেকে ৩০ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। মাদরাসা শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৫ মে শেষ হবে। এ বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ২৩ মে শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে।
এর আগে, গতকাল শনিবার ঢাকার বাইরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে ধরা পড়লে কঠোর শাস্তি দেয়া হবে।
বিডিসংবাদ/এএইচএস

























