ট্রাক চাপায় সেনা সদস্যসহ নিহত ২
- আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
- / 459
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, যশোর সেনা ক্যাম্পের সৈনিক ও উপজেলার জগদ্দল গ্রামের ফরহাদ হোসেন এবং একই উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বস্তাবর গ্রামের মো. মুন্না।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে বস্তাবর গ্রামের ফরহাদ হোসেন এবং মো. মুন্না মোটরসাইকেল যোগে উপজেলা সদরে আসছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্য ফরহাদ হোসেন মারা যান।
এ ঘটনায় মো. মুন্না আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. মুন্না মারা যান।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

























