ফ্রান্সের ‘পিয়েরে কার্ডিন’ ও ‘অরনেট লাগেজে’র যৌথ ডিলার সম্মেলন ও পণ্য উন্মোচন
- আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 220
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত লাগেজ ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এবং বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘অরনেট লাগেজে’র যৌথ প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরার ‘ভূতের আড্ডা’ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা ও বিপণন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে ‘পিয়েরে কার্ডিন’ গুণগত মান ও আধুনিক ডিজাইনের জন্য আস্থার প্রতীক। অন্যদিকে, বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শক্তিশালী বিপণন নেটওয়ার্ক। এই দুই ব্র্যান্ডের কৌশলগত অংশীদারিত্ব দেশের বাজারে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, “পিয়েরে কার্ডিনের সঙ্গে আমাদের এই যাত্রা কেবল ব্যবসায়িক চুক্তি নয়, বরং বিশ্বমানের পণ্য দেশের সাধারণ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার। গুণগত মান ও উদ্ভাবনী নকশার মাধ্যমে অরনেট লাগেজ দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে দুই ব্র্যান্ডের নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে ডিলারদের জন্য আধুনিক বিপণন কৌশল ও বাজার সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজের মাধ্যমে।


























