মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ইআবি উপাচার্যের বিশেষ বৈঠক
- আপডেট সময় : ০৫:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 10
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এই বিশেষ বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে উপাচার্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের নানা দেশে পড়াশোনার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের আরবি ও মালয় ভাষায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, বৃত্তি এবং গবেষণার সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পেয়েছে। ভাষাগত ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তোলার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছেন।
চাকরির বাজারের চাহিদা ও কর্মসংস্থান নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণ বাড়াতে দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন তারা। মাদরাসা শিক্ষার্থীদের মালয় ও আরবি ভাষায় প্রশিক্ষণ দিয়ে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভাষাগত দক্ষতা অর্জনের ফলে মাদরাসা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক কর্মক্ষেত্রেও নিজেদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারবে।
সৌজন্য সাক্ষাতের সময় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তাঁর ব্যক্তিগত সহকারী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতার এই বৈঠকে অংশগ্রহণ করেন। সফরকালে উপাচার্য মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।


























