শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি
- আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 3
গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বস্তু কুড়িয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন নূর মোহাম্মদ (৪৩) নামের এক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। হলুদ রঙের বোতলসদৃশ বস্তুটি হাতে নিয়ে মুখ খোলার চেষ্টার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে নূর মোহাম্মদের হাতের আঙুলগুলো ঝলসে যায়। তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণের পরামর্শ দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কলা ব্যবসায়ী ফজলুল হক জানান, প্রতিদিন তিনি রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের সাঁটিয়াবাড়ি মসজিদের উত্তর পাশে ব্যবসা করেন। শুক্রবার রোদের তীব্রতা বেশি থাকায় তিনি সড়কের দক্ষিণ দিকে অবস্থান করছিলেন। ওই সময় নূর মোহাম্মদ বালুর স্তূপের কাছ থেকে হলুদ রঙের বোতলটি কুড়িয়ে আনেন। তিনি বোতলটি সবাইকে দেখাচ্ছিলেন এবং একপর্যায়ে ফজলুল নিজেও তা হাতে নিয়ে দেখেছিলেন। কিছুক্ষণ পরই বোতলটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বালুর স্তূপের মালিক সিদ্দিক নিশ্চিত করেছেন যে, বোতলটি সেখান থেকেই সংগ্রহ করেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনার আকস্মিকতায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মনিরা পারভীন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত নূর মোহাম্মদের হাত ঝলসে যাওয়ার বিষয়টি দেখতে পান। গাজীপুর জেলা যুবদলের নেতা আলী হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। তিনি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পরিত্যক্ত ওই বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ আহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বস্তুটি সেখানে কীভাবে এলো এবং এর নেপথ্যে কী রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। অজ্ঞাত বস্তুটির উৎস জানতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কথা জানিয়েছে পুলিশ।

























