রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত
- আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 3
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং একটি ‘গুপ্ত দল’ বর্তমানে যৌথভাবে নানা চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর অভিযোগ, পরাজিত শক্তি ও ওই দলটির কর্মকাণ্ড এবং কথাবার্তায় অদ্ভুত মিল রয়েছে। বিশেষ করে জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির গোপন সম্পর্ক রয়েছে—এমন ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তার মতে, আওয়ামী লীগ আগে থেকেই অপপ্রচারে অভ্যস্ত এবং এখন তাদের সঙ্গে নতুন করে একটি গুপ্ত দল যুক্ত হয়ে একই ধরনের কৌশল অবলম্বন করছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার কারণেই সারাদেশে এবার দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সরকার সফলভাবে পুরো উৎসবের পরিবেশ বজায় রাখতে পেরেছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি দেশের চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন। রুহুল কবির রিজভী জানান, কোনো নাগরিক যেন চিকিৎসার অভাবে মারা না যান, সেই লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক এই কর্মসূচিতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।























