পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২
- আপডেট সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 0
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদী গ্রামের বাসিন্দা মোবারক হাজির ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন একই গ্রামের নাসিম উদ্দীন (৪২) এবং আটঘরিয়া উপজেলার খামার কোদালিয়া এলাকার বাসিন্দা সেলিম হোসেন (৪২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুলাডুলি মৎস্য আড়ত থেকে মাছ কিনে ভটভটিযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। রূপপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি থেকে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

























