বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু
- আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 3
ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে।
এই ঘটনায় পিবিআইয়ের হেফাজতে থাকা তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় দীপ দাবি করেন যে ঘটনার দিন তারা রাজবাড়ি ঘাটের কাছে কথা বলছিলেন। সে সময় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং দীপ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বর্তমানে এই বক্তব্যের সত্যতা যাচাই করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি। তবে দীপের এই বক্তব্য যাচাই বাচাই করা হচ্ছে জানান তিনি।
তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে, উদ্ধার হওয়া তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি টঙ্গীর মাজার বস্তি এলাকায় পাওয়া গেছে, যা নদের পাড় থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে এবং এটি বর্তমানে উত্তরখান থানায় রাখা হয়েছে। মামলার তদন্তে নৌ পুলিশকে সহায়তার পাশাপাশি ঘটনাস্থলকে মাদক কারবারিদের আস্তানা হিসেবে চিহ্নিত করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক বিক্রেতাদের ধাওয়া খেয়েই তাহসিফ পানিতে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পিবিআই। সংস্থাটি বলছে, লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেল পাওয়া যায়। পিবিআই কর্মকর্তারা বলছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাসা থেকে বের হওয়ার পর থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে নিজের মায়ের নম্বরে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। এই অকাল প্রয়াণকে আত্মহত্যা বলে মানতে নারাজ তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। তিনি এ ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
























