ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করার আহ্বান জহির উদ্দিন স্বপনের
- আপডেট সময় : ০৭:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 2
রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ধর্মকে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সোমবার সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, ধর্মীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে পড়লে তাতে রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোই কেবল লাভবান হয়, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে যারা রাজনীতি করে, মূলত তারাই সংঘাত থেকে ফায়দা লুটে নেয়। এই সুবিধাবাদী কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে হবে। তিনি একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার রক্ষায় রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিকগুলো নিয়েও সভায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব, অপপ্রচার এবং উসকানিমূলক ধর্মীয় বক্তব্য প্রতিরোধে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। নিয়মিত সংলাপ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমেই সমাজের যেকোনো বিভেদ দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানটিতে বরিশাল জেলার ‘ফোর্ব ফোরাম’-এর সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট অ্যান্ড পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।



















