সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী
- আপডেট সময় : ১০:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ঝুঁকি ও পরিচালনাগত সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ-সৌদি আরব রুটের আকাশপথেও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৮০টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে। এর ফলে ২৩ হাজার ৮৫ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। শনিবার বিকেলে বেবিচক এই পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। সরাসরি ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, সৌদি এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারের ২১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের জেরে হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমন নিরাপত্তা হুমকিতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের নিয়মিত সময়সূচিতে বিঘ্ন ঘটছে। এর ফলে সৌদি আরবগামী প্রবাসী কর্মী, ছুটিতে দেশে আসা বাংলাদেশি এবং জরুরি প্রয়োজনে ভ্রমণকারীদের যাত্রার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরাও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনায় সতর্ক থাকতে হচ্ছে, যা সামগ্রিক ফ্লাইট ব্যবস্থাপনায় জটিলতা বাড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয়, ততক্ষণ যাত্রীদের নিয়মিত বিরতিতে স্ব স্ব এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কয়েক হাজার যাত্রীর ভ্রমণসূচি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
























