ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের
- আপডেট সময় : ০৮:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন না চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর সতর্কতা জারি করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-এর প্রধান ইব্রাহিম কালিন জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে বিদ্যমান আলোচনার বেশ অগ্রগতি হয়েছে এবং দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য একটি চুক্তির প্রস্তাব এখন আলোচনার টেবিলে রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আঙ্কারায় আয়োজিত এক সম্মেলনে ইব্রাহিম কালিন এসব কথা বলেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তুর্কি গবেষণা সংস্থা ওআরএসএএম-এর আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান ইস্যুটি পুরো অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই সংকট নিরসনে তুরস্ক সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দিন আগে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আলোচনার প্রসঙ্গ টেনে কালিন জানান, তিনি ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। গোয়েন্দাপ্রধানের ভাষায়, যুক্তরাষ্ট্র এককভাবে কিংবা ইসরায়েলকে সঙ্গে নিয়ে পুনরায় ইরানে হামলা চালালে আঞ্চলিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে এবং পুরো অঞ্চল আবারও নতুন করে সংঘাতের দুষ্টচক্রে আটকে পড়বে।
কালিন আরও সতর্ক করে বলেন, চলমান কূটনৈতিক আলোচনার যে সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন কোনো সামরিক হামলা তা চিরতরে ধ্বংস করে দিতে পারে। তাই সামরিক পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ উন্মুক্ত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
























