নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট
- আপডেট সময় : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটের প্রথম অধিবেশনে শুরুতেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারবিরোধী একগুচ্ছ বিল জমা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারণ এবং বিতর্কিত বিচার বিভাগ সংস্কার আইন বাতিল করা। ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক দেখিয়েছেন দখলদারদের সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।
টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। তাদের দাবি, আগের সরকারের নেওয়া পদক্ষেপগুলো ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্যের জন্য হুমকি। এই বিলগুলোর মধ্যে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন বাতিলের প্রস্তাব রয়েছে। বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন।
আইজেনকোটের জোটের দাবি অনুযায়ী, যেসব আইনের মাধ্যমে নেতানিয়াহু ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, সেগুলো সংশোধন বা বাতিলের অপেক্ষায় রয়েছে। উদাহরণস্বরূপ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত আইনে আগের সরকার যে সংশোধনী এনেছিল, তা বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। এছাড়া ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি মামলার আসামি বা অভিযুক্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে।
হামাসের হামলা তদন্ত প্রসঙ্গে নেতানিয়াহুর অবস্থান শুরু থেকেই কঠোর। তিনি রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন, কারণ তার আশঙ্কা, সুপ্রিম কোর্টের অধীনে গঠিত স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। অথচ এই তদন্ত কমিশন গঠন ছিল বিরোধীদের অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি।
বিচার বিভাগ সংস্কার নিয়ে নতুন করে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিতর্কিত অ্যাটর্নি জেনারেল আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, যা মন্ত্রীদের আইনি পরামর্শ প্রত্যাখ্যানের ক্ষমতা দেয়। একই সাথে নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার ও বিরোধী দলের ভেটো প্রদানের ক্ষমতা নিয়ে আইনি লড়াই চলছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে পর্যবেক্ষণ দিয়েছিলেন যে, নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই কিছু আইন প্রণয়ন করা হয়েছিল।
এছাড়া সমাজের বৃহত্তর কল্যাণে ইয়াশার এবং ডেমোক্র্যাটস পার্টি আরও কিছু বিল জমা দিয়েছে। এর মধ্যে শনিবারে (শাবাত) গণপরিবহন চালু, বেসামরিক বিয়ে বৈধ করা, এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং অতি-রক্ষণশীল হারেদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। এসব আইনের বড় অংশই ছিল বিগত সময়ে দেশজুড়ে হওয়া ব্যাপক গণবিক্ষোভের মূল কারণ। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
























