পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় ৩১৬ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পক্ষে এ তথ্য তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক মানুষ ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার হামলার ঘটনা ঘটেছে। এ সময়কালে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠী এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এসব অঞ্চলে ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার চাঁদাবাজি এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের তৎপরতা দমনে বর্তমানে ‘অপারেশন উত্তরণ’ পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি সমন্বিতভাবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করতে যৌথ অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
























