২০২৯ সালের আগেই কিউবায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
- আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৯ সালে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগে কিউবার বর্তমান সরকার উৎখাতের বিষয়টি চূড়ান্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। কিউবা নিয়ে তিনি বলেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’।
হিউ হিউইটের নেতৃত্বাধীন সালেম নিউজ চ্যানেলের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
এই পদক্ষেপের মাধ্যমে তিনি কিউবার জনগণের কল্যাণে ভূমিকা রাখতে চান বলে দাবি করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প কিউবাকে কার্যত একটি ব্যর্থ দেশ হিসেবে উল্লেখ করেন। তার প্রশাসন বর্তমানে এই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—যাঁর বাবা-মা কিউবান বংশোদ্ভূত—তিনিও কিউবায় এমন পরিবর্তনের পক্ষে। ফ্লোরিডার কিউবান বংশোদ্ভূত ভোটারদের মধ্যে বিপুল সমর্থন পাওয়ার কথাও তিনি পুনরায় স্মরণ করেন। বিশেষ করে যারা কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’।
রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর তথ্যমতে, সামরিক অভিযানের ব্যাপারে এবারই প্রথম ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করলেন। সোমবার তিনি কিউবার পতন আসন্ন বলে মন্তব্য করেছিলেন এবং মানবিক সহায়তার মাধ্যমে দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেছিলেন। এর আগেও তিনি কিউবার সরকারকে উৎখাতের হুমকি দিয়ে আসছেন। সোমবার তিনি বলেন, ‘কিউবার পতন খুব শিগগিরই ঘটবে’ এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে।
কিউবার ওপর ট্রাম্প প্রশাসনের চাপ নতুন নয়। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার ওপর কার্যকর তেল অবরোধ আরোপ করা হয়েছিল। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে দ্বীপদেশটিতে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক হুমকি’ হিসেবে ঘোষণা করে একটি নির্বাহী আদেশও তিনি স্বাক্ষর করেছিলেন।
মার্কিন এই অবরোধের ফলে কিউবা বর্তমানে তীব্র জ্বালানি ও খাদ্যসংকটে জর্জরিত। দেশজুড়ে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটসহ নানা মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে মার্কিন এই কর্মকাণ্ডকে ‘সমষ্টিগত শাস্তি’ বা কালেক্টিভ পানিশমেন্ট হিসেবে অভিহিত করা হয়েছে। কিউবার জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প।

























