ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় সামরিক হামলা
- আপডেট সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 2
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হরমুজ প্রণালির কাছে হরমোজগান প্রদেশে অবস্থিত শহরটিতে ঘটা এই হামলাটি সামরিক প্রকৃতির বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার বিষয়টি ইরানের সরকারি সূত্রগুলো নিশ্চিত করলেও এতে ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বা কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কারা হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান।
ইরানি সংবাদ সংস্থা ইরনার ভাষ্যমতে, সিরিক শহরে ঘটা এই সামরিক হামলার পেছনে ‘শত্রুপক্ষ’ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরাসরি কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। একই বিষয়ে আধা-সরকারি সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছিল যে, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ অস্পষ্ট থাকলেও, সামুদ্রিক নিয়মকানুন অমান্যকারী কোনো জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে কয়েকটি সূত্র অনুমান করছে। ঘটনার কয়েক মিনিট আগে প্রতিবেদন প্রকাশের সময় গভীর রাতে শহরটিতে আকস্মিক এসব বিস্ফোরণ ঘটে। প্রথমদিকে বিস্ফোরণের কারণ স্পষ্ট ছিল না।
এই সামরিক উত্তেজনার আঁচ পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব পাশে অবস্থিত সিরিক শহরটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে থাকায় এর নিরাপত্তাজনিত যেকোনো ঘটনা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কিংবা দায়ভারের বিষয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ইরানের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই জলপথ ও বন্দর এলাকায় সামরিক কর্মকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে যখন হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই বড় ধরনের ভূ-রাজনৈতিক সংকট চলছে।

























