স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 2
বিগত স্বৈরাচারী সরকারের তৈরি করা বিভিন্ন সিন্ডিকেটের কারণে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ প্রায় বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষদিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের সময়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছিল। বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অসংখ্য অভিযোগ সেসময় উঠে এসেছিল।
মালয়েশিয়ার শ্রমবাজারের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, আলোচনার মাধ্যমে এই সমস্যা সফলভাবে সমাধান করা সম্ভব হয়েছে। এখন সম্পূর্ণ বিনা খরচে প্রায় ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই ১০ হাজার কর্মীর কোটায় বিগত স্বৈরাচারী শাসনামলে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং ২৪-এর আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ যাওয়ার যে খরচটি লাগে, সেই খরচটি ব্যয় করার মাধ্যমে প্রায় ১০,০০০ মানুষকে পাঠাতে সক্ষম হব। এই ১০,০০০ এর মধ্যে ১,০০০ বিগত স্বৈরাচারের সময়ে যারা গুম, খুনের শিকার হয়েছে, ২৪-এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা আহত হয়েছে, এরকম মানুষ ১ হাজারের মতো।
এছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা চলছে। অনেক দেশ গাড়ি চালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা মানুষকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, সেই সব সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি কঠোর হুশিয়ারি দেন।
প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সকে বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কার করেছে। হুন্ডি প্রতিরোধ, লেনদেনের স্বচ্ছতা এবং বৈধ পথে অর্থ পাঠানো সহজ করতে তফসিলি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে নতুন ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন করা হয়েছে। এর ফলে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বেড়েছে এবং প্রতিযোগিতা তৈরির কারণে খরচ কমেছে। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে সরকার বিশেষ প্রণোদনা ও নগদ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। সরকার দেশের তফসিলে ব্যাংকসমূহ এবং বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়ায় সহযোগিতা করেছে।





















