নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি
- আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 4
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হামলার ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, ঘটনার সময় ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে হামলা চালায়। রামদা ও ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে। সে সময় পাশের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ তার মোবাইল ফোনে এই হামলার ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ইউসুফ বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যানুযায়ী, ঘটনার পটভূমিতে রয়েছে নারায়ণগঞ্জ আদালত চত্বরের আগের একটি সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার দুপুরে আদালত এলাকায় ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষ হয়। এতে জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই সংঘর্ষের প্রতিশোধ নিতেই রাতে দেলুর বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত চত্বরে দুপুরের সংঘর্ষের জের ধরেই রাতে ওই হামলা চালানো হয়েছে। এ সময় ভিডিও ধারণের কারণে ইউসুফকে ছুরিকাঘাত করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।























