জয়পুরহাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও সরঞ্জাম বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 12
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানটির বাস্তবায়ন করেছে আউসগাড়া উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে পণ্য সামগ্রী তুলে দেন এবং তাদের কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন। তিনি আরও বলেন, অসহায় ও কর্মঠ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত রাখা হবে।


























