গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 4
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক সময়ে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দেশজুড়ে চলমান এই নাশকতা বন্ধ ও গ্রামীণ ব্যাংককে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ড. ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব নাশকতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত রয়েছেন। এমনকি চট্টগ্রামে তার নিজের পৈতৃক বাড়িটিও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। অথচ এই বাড়ি থেকেই একসময় তার কর্মজীবন শুরু হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকের জন্ম দেয়।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে দরিদ্র নারীদের অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংক হিসেবে স্বীকৃত। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী, যারা নিজেদের ব্যবসার প্রয়োজনে এবং পরিবারের ভরণপোষণ ও সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে এখান থেকে ঋণ নিয়ে থাকেন। বর্তমানে ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। অথচ এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
তিনি জানান, চলতি নভেম্বরের শুরু থেকেই প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। শুধু এই মাসেই প্রায় ১০০টি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একই কায়দায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, অপরাধীরা অপপ্রচার চালাচ্ছে যে ব্যাংকটির মালিক আমি এবং এর পরিচালনা আমার অধীনে। এটি সম্পূর্ণ মিথ্যা। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তার কোনো সম্পৃক্ততা নেই। বরং ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারি মালিকানাধীন।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, এই সহিংসতা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাসভবন এবং বেশ কয়েকটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন, যা লাখ লাখ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
ব্যাংকটির ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। তিনি হামলার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের পরিকল্পনাকারীদের শুভবুদ্ধি ফেরাতে ভূমিকা রাখার অনুরোধ করেছেন তিনি।

























