শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন রাজনৈতিক স্টান্টবাজি: শামা ওবায়েদ
- আপডেট সময় : ০২:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 4
ভারতসহ বিভিন্ন দেশে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশে ফিরলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।
আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের প্রচারণা সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটি কৌশল মাত্র। পলাতক নেত্রীর বর্তমান অবস্থান বা চেহারা কারও জানা নেই এবং তিনি কোথায় যাবেন তা এখন অপ্রাসঙ্গিক। নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়ার পর এখন অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অর্থহীন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলেও জানান শামা ওবায়েদ।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যা, গুম ও রক্তপাতের সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া, বিদেশে থাকা বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনই বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশের বাইরেও ওই মিশনগুলোর যেকোনো একটিতে উপস্থিত হলে সেখানেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
পাসপোর্ট ও এনআইডি নবায়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হলে সরকার তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো সরকারি নথিপত্র দিতে বাধ্য নয়। তিনি আরও নিশ্চিত করেন যে, সংবিধানে বর্ণিত এই বিধানের কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।
























