আজ আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
- / 464
বিডিসংবাদ ডেস্কঃ মরহুম রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। এর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন তিনি। আহত অবস্থায় চারদিন চিকিৎসা শেষে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সম্ভ্রান্ত পরিবারে আইভি রহমানের জন্ম। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ও মা হাসিনা বেগম গৃহিণী ছিলেন। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। দুই মেয়ে হলেন তানিয়া বাখত ও তনিমা রহমান ময়না।
রাজনীতি ছাড়াও আজীবন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা এবং জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন।
বাসস





















