গাজীপুরের শ্রীপুরে গুলি করে প্রায় ৩ কোটি টাকা সম্পদ
- আপডেট সময় : ০৯:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 1
গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকার থামিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হিমেল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কর্মীদের ভাষ্যমতে, তাঁরা নরসিংদী থেকে তিনটি বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে করে শ্রীপুরের মাওনার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁদের গাড়িটির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুড়লে হিমেল গুলিবিদ্ধ হন এবং প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়াসহ অন্যরা আহত হন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কর্মীদের ধারণা, ছিনিয়ে নেওয়া বস্তা দুটিতে প্রায় তিন কোটি টাকা ছিল। বাকি একটি বস্তা গাড়ির ভেতরেই রয়ে গেছে। এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া জানান, দুর্বৃত্তরা গাড়ির কাচ ভাঙচুর করে গুলি ছুড়লে তাঁরা প্রতিরোধের চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।
আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক বিজন মালাকার জানান, চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হিমেলের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নরসিংদী থেকে টাকা নিয়ে ফেরার পথে চারটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গাড়িটি অনুসরণ করে আসছিলেন এবং এক পর্যায়ে গতিরোধ করে গুলি ছোড়েন। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
























