সংবাদ শিরোনাম ::
গোপন আলাপ
- আপডেট সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
- / 957
কবি প্লাবন ইমদাদ
নিমীলিত আকাশ
আঁখি মেলেছে আজ
জোৎস্না ফোটার ক্ষণে,
মোর হু হু রাগ
কেটেছে কি দাগ
গোল চন্দ্রেরও প্রাণে!
হে চন্দ্রনাথ আলোর আকালে
গোলা ভরে দিলে প্রাণে,
ফিরে তাকালেনা হায় একবারও
অভাগার আঁখিপানে।
আমি কত কই
কত আমি সই
হৃদয়ের দাবদাহ,
কেউ না জানুক তুমি তো জানো
যত দূরত্বেই রহো।
আমিও চাঁদ পারতাম হতে
তুমি হয়ে গেলে একা,
মাটি থেকে হয় এমনি ক্ষণিক
তোমার আমার দেখা।
কারে ক'বো আজ কেবা থাকে জেগে
চন্দ্রাহত রাতে,
তোমারে তাই কয়ে কয়ে যাই
শোন, কি ক্ষতি তাতে?
তুমি হলে চাঁদ আমি তো মানুষ
আমি বলি তুমি সুখি,
ক্ষণে ক্ষণে অমন মেঘে যে লুকাও
তুমিও কি তবে দুখি!
নাকি তোমারও আমার মতই
হাসি কান্নার মেল?
জীবন বদলের একি চাহিদা
এ কি দ্বন্দের খেল!
থাক, চলে যাক এ জন্মটা
তুমি চাঁদ, আমি যা তাই,
পরজনমে ভেবে দেখা যাবে
আজ রাতে বিদায়।


























